জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু, স্কুবা ডাইভিং কি সত্যিই ঝুঁকিপূর্ণ? কখন করবেন আর কখন করবেন না?

‘ইয়া আলি’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি স্কুবা ডাইভিংয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও এটি একটি রোমাঞ্চকর এবং জনপ্রিয় অ্যাডভেঞ্চার, তবে কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে। চলুন, জেনে নিই স্কুবা ডাইভিং কী, কারা এটি করতে পারেন এবং কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত।
স্কুবা ডাইভিং কী?
স্কুবা ডাইভিং হলো জলের নিচে একটি স্বয়ংক্রিয় শ্বাস-প্রশ্বাসের যন্ত্র (SCUBA – Self-Contained Underwater Breathing Apparatus) ব্যবহার করে ডুব দেওয়া। এই পদ্ধতিতে ডাইভার নিজের অক্সিজেন সিলিন্ডার নিজেই বহন করেন, যা তাকে জলের নিচে স্বাধীনভাবে ঘোরাফেরা করার সুযোগ দেয়। এটি এক অনন্য অভিজ্ঞতা, যেখানে সামুদ্রিক প্রাণীর সৌন্দর্য এবং সমুদ্রের গভীরে থাকা রহস্যময় জগৎ খুব কাছ থেকে উপভোগ করা যায়।
কারা স্কুবা ডাইভিং করবেন না?
স্বাস্থ্যগত কিছু সমস্যা থাকলে স্কুবা ডাইভিং এড়িয়ে চলা উচিত। চিকিৎসকরা সতর্ক করছেন, নিম্নলিখিত সমস্যাগুলো থাকলে স্কুবা ডাইভিং থেকে বিরত থাকুন:
গুরুতর স্বাস্থ্য সমস্যা: বড় কোনো অপারেশন, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস বা কিডনির সমস্যা।
শ্বাসকষ্ট: হাঁপানি, শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের রোগীরা।
অন্যান্য: সর্দি-কাশি বা বড় কোনো শারীরিক অসুস্থতা।
নিরাপদ থাকতে যে সতর্কতাগুলো জরুরি
প্রশিক্ষকের যোগ্যতা: যে প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি ডাইভিং শিখছেন, সেখানকার প্রশিক্ষক কতটা দক্ষ, তা ভালোভাবে যাচাই করে নিন।
সরঞ্জামের মান: সমুদ্রে নামার আগে স্কুবার যন্ত্রগুলো ঠিক আছে কি না, তা বারবার পরীক্ষা করুন। একটি ত্রুটিপূর্ণ যন্ত্র বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
আবহাওয়ার খবর: ডাইভিংয়ের আগে আবহাওয়ার পূর্বাভাস এবং সমুদ্রের জোয়ার-ভাটার সময় সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
একা নামবেন না: প্রশিক্ষক বা অভিজ্ঞ সঙ্গী ছাড়া কখনোই একা সমুদ্রে নামবেন না।
যোগাযোগ ব্যবস্থা: জলের নিচে যোগাযোগের জন্য হাতের সংকেত ভালোভাবে শিখে নিন। এটি জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কানের চাপ: জলের গভীরে নামার সময় কানের চাপ সমান করার কৌশল জানা আবশ্যক।
নতুন দক্ষতা: মুখোশ পরিষ্কার করা এবং অন্য যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল রপ্ত করুন।
স্কুবা ডাইভিং নিঃসন্দেহে একটি দারুণ অভিজ্ঞতা, কিন্তু এর ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।