গর্ভবতী অবস্থায় কোন খাবারগুলো গ্রহণ করা উচিত, নারীরা অবশ্যই জেনেনিন

প্রত্যেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তান বুদ্ধিমান ও মেধাবী হোক। আর সেই কারণেই গর্ভবতী মহিলারা সন্তানের সুস্থতার কথা ভেবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন এবং একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন। কারণ পুষ্টিকর খাবারের অভাব হলে গর্ভস্থ শিশুর মানসিক বিকাশে বাধা আসতে পারে এবং জন্ম নেওয়ার পরেও সেই শিশু নানা সমস্যায় ভুগতে পারে।

বিশেষজ্ঞরা জোর দিয়েছেন গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের সঠিক গঠনের উপর। জন্মের প্রথম দুই বছর শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গর্ভবতী অবস্থায় কোন খাবারগুলো গ্রহণ করা উচিত, তা জেনে নেওয়া যাক:

মাছ: স্যামন, টুনা ও ম্যাকারেলের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, যেসব মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে দুবারের বেশি মাছ খান, তাদের সন্তানের বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ অন্যদের তুলনায় বেশি হয়।

ডিম: ডিম অ্যামিনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ, যা মস্তিষ্কের গঠন উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের প্রতিদিন অন্তত দুটি করে ডিম খাওয়া উচিত, যা থেকে পর্যাপ্ত কোলিন পাওয়া যায়। ডিমে থাকা প্রোটিন ও আয়রন জন্মের সময় শিশুর সঠিক ওজন বজায় রাখতেও সাহায্য করে।

দই: গর্ভস্থ সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য মায়ের শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এই সময় প্রোটিনযুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করা প্রয়োজন, এবং দই হল প্রোটিনের একটি চমৎকার উৎস। এছাড়াও, দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গর্ভাবস্থায় মায়ের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আয়রন: আয়রন গর্ভের সন্তানকে বুদ্ধিমান হতে সাহায্য করে। গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই খাওয়া উচিত। এটি গর্ভস্থ শিশুর কাছে অক্সিজেন সরবরাহ করে। এছাড়াও, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

ব্লুবেরি: ব্লুবেরির মতো অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফল এবং ডাঁটা, টমেটো ও লাল বিন জাতীয় সবজি গর্ভবতী মায়ের খাদ্যতালিকায় যোগ করা উচিত। এই খাবারগুলো গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করে এবং তার সঠিক বিকাশে সাহায্য করে।

ভিটামিন ডি: শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে, যেসব মায়ের শরীরে ভিটামিনের মাত্রা প্রয়োজনের চেয়ে কম থাকে, তাদের সন্তানের মস্তিষ্ক দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। ডিম, পনির, মাংস ও লিভারের মতো খাবারে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও, ভিটামিন ডি-এর অন্যতম প্রধান উৎস হল সূর্যের আলো।

আয়োডিন: আয়োডিনের অভাব, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহে সন্তানের আইকিউ কমিয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত। এছাড়াও, সামুদ্রিক মাছ, ডিম ও দইয়ের মতো খাবারও আয়োডিনের ভালো উৎস।

সবুজ শাক-সবজি: পালং শাকের মতো পাতাবহুল সবুজ শাক এবং ডাল ফলিক অ্যাসিডের ভালো উৎস। এছাড়াও, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন বি-১২ এর সঙ্গে গ্রহণ করা উচিত, যা গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুতরাং, বুদ্ধিমান ও মেধাবী সন্তানের প্রত্যায় থাকলে গর্ভবতী মহিলাদের অবশ্যই এই পুষ্টিকর খাবারগুলো তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করা উচিত। সঠিক খাদ্যাভ্যাসই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারে।