“জুবিনের শোকে পাগল ভক্ত!”- ‘জয় জুবিন দা’ বলে চিৎকার করে ব্রিজ থেকে ব্রহ্মপুত্রে ঝাঁপ

অসমে রকস্টার জুবিন গর্গকে হারানোর শোক এখনও কাটেনি। তাঁর আকস্মিক মৃত্যুতে তিন দিনের শোক পালিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। এর মধ্যেই জুবিনের মৃত্যু নিয়ে যখন তদন্ত চলছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তখনই ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। প্রিয় গায়কের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তাঁর এক অনুরাগী।
গুয়াহাটির ঐতিহ্যবাহী সরাইঘাট ব্রিজ থেকে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন ওই অনুরাগী যুবক। প্রতক্ষ্যদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাতে যুবকটি ব্রিজের উপর উঠে প্রথমে নিজের জামাকাপড় ছিঁড়তে শুরু করেন। এরপর তিনি উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকেন, “যখন জুবিন দা এখানে থাকবে না, তখন আমরা কী করব? জয় জুবিন দা…”। এই কথা বলার পরই তিনি ব্রহ্মপুত্রের জলে ঝাঁপ দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। ওই ব্যক্তির খোঁজে সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু করা হয়। সুয়ালকুচি পাহাড় পর্যন্ত চলে এই তল্লাশি। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
অন্যদিকে, জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে এদিনই জিজ্ঞাসাবাদের পর তাঁর টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। গায়কের মৃত্যু নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার জট খুলতে জোরকদমে তদন্ত চালাচ্ছে অসম পুলিশ। এর মাঝেই প্রিয় গায়কের শোকে ভক্তের এমন চরম সিদ্ধান্ত, জুবিন অনুরাগী মহলে আরও গভীর শূন্যতা সৃষ্টি করল।