উৎসবের মরশুমের মুখে ফের সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের পাচারচক্র। তার প্রমাণ মিলেছে মালদায়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে প্রায় ২১ লাখ টাকার জালনোট-সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ডিমনিটাইজেশনের পর এই প্রথম এত পরিমাণ জালনোট উদ্ধার হলো বলে দাবি করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
কিভাবে গ্রেফতার হলো পাচারকারীরা?
এসটিএফ-এর এক আধিকারিক জানান, “বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড়ে তল্লাশি চালাই। সেখানে দুই সন্দেহভাজন যুবককে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়। প্রতিটি নোট ৫০০ টাকার ছিল এবং মোট ৪,১৭৪টি নোট উদ্ধার করা হয়েছে।”
ধৃতদের নাম হজরত বেলাল ওরফে মাসুদ (২৪) এবং তরিকুল ইসলাম (২৫)। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছে যে, এই জালনোটের বান্ডিলগুলি তারা বাংলাদেশ থেকে সংগ্রহ করেছিল।
তদন্তে নেমেছে পুলিশ
এসটিএফ-এর তরফে উদ্ধার করা জালনোট-সহ ধৃত দুই যুবককে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই জালনোট পাচারচক্রে আর কারা জড়িত এবং ধৃতরা কোথায় এই বিপুল পরিমাণ জালনোট পাচার করছিল, সেসব জানার চেষ্টা করছে পুলিশ।
মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “গতকাল রাতে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।”