জলপাইগুড়ি হাসপাতালে চাঞ্চল্য, মৃতদেহের শরীর থেকে সোনার গয়না চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে থানায় অভিযোগ পরিবারের

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য রাখা এক মৃতদেহের শরীর থেকে সোনার চেন ও কানের দুল চুরি যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃতার পরিবার এই ঘটনায় সরাসরি হাসপাতালের নিরাপত্তা এবং কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

মৃতা মন খুশি বাউলি (৬৫)-র পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ময়নাগুড়ি থানার মরিচবাড়ি গ্রাম থেকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সরকারি নিয়ম মেনে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের হেফাজতে রাখা হয়।

মৃতার নাতনি পূর্ণিমা রায় অভিযোগ করেন, “দিদার শরীরে তখন সোনার গয়না ছিল। চেন, কানের দুল ছিল। আমরা শোকে অসহায় ছিলাম, তাই সেই সময় গয়নাগুলো খুলে নেওয়ার কথা মাথায় আসেনি। রাতেই দিদার দেহ মর্গের ঘরে রাখা হয়। আজ সকালে যখন দেহ নিতে এলাম, দেখি গায়ের সব অলংকার গায়েব।”

হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন:

ঘটনা বুঝতে পেরে মন খুশি বাউলির পরিবার দ্রুত থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের তীব্র ক্ষোভ, “সরকারি হাসপাতালে যদি মৃতদেহও সুরক্ষিত না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?” তাঁদের দাবি, মৃতদেহের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হোক।

হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ পরিবারকে আশ্বাস দিয়েছে যে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা-সহ প্রয়োজনীয় তদন্ত চালানো হবে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে। পরিবারের দাবি, চুরি যাওয়া গয়না উদ্ধার হোক এবং দোষীদের কঠোর শাস্তি হোক।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty