জয়নগরে এল প্রথম পশু হাসপাতাল, সারমেয়দের বিশেষ চিকিৎসা পরিষেবা নিয়ে স্বস্তিতে পোষ্য মালিকেরা

জয়নগরের পশুপ্রেমী এবং পোষ্য মালিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটিয়ে এই প্রথম চালু হলো একটি অত্যাধুনিক পশু হাসপাতাল। জয়নগর মজিলপুর পৌরসভার মাঠে ‘অ্যানিমেল কেয়ার প্লাস’ অনুষ্ঠানের মাধ্যমে এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছে। এতদিন এই অঞ্চলে সেভাবে পশু হাসপাতাল না থাকায়, পোষ্যদের বড় ধরনের রোগ হলে চিকিৎসার জন্য বারুইপুর বা কলকাতায় ছুটে যেতে হত।
তবে এবার সেই সমস্যার অবসান হতে চলেছে। যদিও সরকারিভাবে অন্যান্য পশুর চিকিৎসার ব্যবস্থা থাকলেও, কুকুরদের চিকিৎসা পরিষেবা নিয়ে পোষ্য মালিকদের একটু বেশি সমস্যায় পড়তে হত। নতুন এই পশু হাসপাতালে সারমেয়দের চিকিৎসায় বিশেষভাবে নজর দেওয়া হবে। ফলে ‘ডগ লাভার’রা এই উদ্যোগে দারুণ খুশি।
থাকছে বিশেষ পরিষেবা:
উদ্যোগী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসা ছাড়াও এখানে জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা থাকছে। গুরুতর অসুস্থ পোষ্যদের জন্য থাকছে বিশেষ চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারেরও ব্যবস্থা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানেই কুকুরদের চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একটি কুকুর অসুস্থ হয়ে পড়ায়, তাকে সফলভাবে স্যালাইন দিয়ে সুস্থ করে তোলা হয় এই শিবিরেই।
পৌরসভার মাঠের পাশে স্থাপিত এই চিকিৎসালয়টি আগামী ৬ মাস প্রতিদিন ১২ ঘণ্টা করে খোলা থাকবে। ওষুধ দেওয়াসহ পশু-পাখির জটিল রোগের চিকিৎসার মাধ্যমে এটি এলাকার প্রাণীদের জন্য বড় ভরসা হয়ে উঠবে।