জয়নগরের হাতছাবড়ি গ্রামে মর্মান্তিক ঘটনা, মেলা কমিটি পাশে থাকার আশ্বাস দিলেও কান্নায় ভেঙে পড়ল কুলতলির পরিবার

রাস পূর্ণিমা উপলক্ষে মেলার প্রস্তুতি চলছিল জোরকদমে। কিন্তু সেই প্রস্তুতি পর্বেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ইলেকট্রিক শ্রমিকের। এই ঘটনায় জয়নগরের গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে জয়নগর দুই নম্বর ব্লকের সাহাজাদাপুর ও ময়দা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল হাতছাবড়ি গ্রামে রাসযাত্রার বিশাল মেলা বসতে চলেছে। সেই উপলক্ষে মেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল।

দুর্ঘটনা: এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সুরজিৎ মন্ডল (২৯) নামে ওই শ্রমিক বিদ্যুতের সংযোগ করার সময় আচমকাই বিদ্যুতের শক লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মৃত্যু: স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুরজিৎ মন্ডলের বাড়ি কুলতলি থানার কৈখালী কাছাড়ি বাজার এলাকায়।

শোকের ছায়া পরিবারে
স্থানীয় এক বাসিন্দা জানান, ওই যুবক এসেছিলেন গোটা মেলাকে আলোকিত করতে, কিন্তু তাঁর নিজের জীবনেই নেমে এল অন্ধকারের ছায়া। এই মর্মান্তিক মৃত্যুতে হতবাক সকলেই। সুরজিতের পরিবারে এই খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মেলা কমিটি সুরজিৎ মন্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy