জমির লোভে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে উচ্ছেদ! মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত অফিসারের অভিযোগে ছোট ছেলের জেল

৮০ বছর বয়সি অবসরপ্রাপ্ত সরকারি অফিসারের জমি জবরদখল ও তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে ওই দম্পতির ছোট ছেলেকে তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জুন্নারের একটি আদালত। পাশাপাশি অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে, বাবা-মায়ের দেখাশোনা করায় বৃদ্ধের বড় ছেলেকে এই মামলা থেকে রেহাই দিয়েছেন আদালত।

মামলা ও অভিযোগ:

মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত আধিকারিক ওই বৃদ্ধ ২০২৩ সালের ১৩ মে মহারাষ্ট্রের নারায়ণগাঁও থানায় নিজের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর দুই ছেলেই তাঁর ১ একরেরও বেশি কৃষি জমি দখল করে নিয়েছে। জমি দখল করার পর প্রথমে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে তাঁর ছোট ছেলে তাঁদের বাড়ি থেকে বের করে দেয়

বৃদ্ধ অভিযোগ করেন, “আমরা দু’জনে ছেলেকে সর্বস্ব দিয়েছি, কিন্তু তার বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছি।”

আদালতের রায়:

বাবা মা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং স্বার্থরক্ষা আইন (২০০৭) অনুযায়ী দুই ছেলের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং জুন্নারের একটি আদালতে প্রায় তিন বছর ধরে মামলার বিচার চলে।

গত ১৯ নভেম্বর মামলার রায় দেন বিচারক। রায়ে বৃদ্ধের ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

রায় দিতে গিয়ে বিচারক ছোট ছেলের আচরণকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন। বিচারক বলেন, “নিজের বৃদ্ধ বাবা-মায়ের আবেগ নিয়ে খেলা করেছেন অভিযুক্ত।” আদালতের নির্দেশে ছোট ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ।