জন্মদিনের আগেই মর্মান্তিক পরিণতি! স্কুলের সামনেই স্কুলভ্যানের চাকায় পিষ্ট ৫ বছরের শিশু

জন্মদিনের কেক কাটার প্রস্তুতি ছিল তুঙ্গে। শুক্রবারই পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা রাখার কথা ছিল তানিশার। কিন্তু সেই উৎসবের আমেজ নিমেষেই বিষাদে বদলে গেল। কর্নাটকের বেঙ্গালুরুর উপকণ্ঠে দাসানাপুরা এলাকায় স্কুলের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের এক শিশুকন্যা। স্কুলের সামনে দিদির জন্য অপেক্ষা করার সময় স্কুলভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গিয়েছে, বুধবার সকালে নিজের মা মধু এবং দিদি কনিকার সঙ্গে স্কুলে গিয়েছিল তানিশা। দিদি কনিকা স্কুল থেকে বেরনোর সময় হওয়ার আগেই স্কুলের মূল ফটকের সামনে অপেক্ষা করছিল তানিশা। সেই সময় একটি স্কুলভ্যান স্কুল চত্বর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ভ্যানটির সামনে চলে আসে শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক ব্রেক কষার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ভ্যানটির চাকা সরাসরি শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই সব শেষ! ঘটনাস্থলেই তানিশার মৃত্যু হয়।

এই ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয় মানুষজন স্তম্ভিত হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন তানিশার মা মধু। যে সন্তানকে হাসি-খুশি অবস্থায় স্কুলে নিয়ে এসেছিলেন, সেই সন্তানের এমন অকাল মৃত্যু কোনোমতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। জন্মদিনের প্রস্তুতি যে এভাবে মৃত্যুমিছিলে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেনি তার পরিবার।

খবর পাওয়ার পরই চিক্কাবানাভারা ট্র্যাফিক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেলামঙ্গল সরকারি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে, ঘটনার সময় স্কুলভ্যানটির গতি কতটা ছিল, চালক কোনোভাবে গাফিলতি করেছিলেন কি না, এবং স্কুলে প্রবেশের সময় নিরাপত্তার বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকাবাসীর দাবি, স্কুলের সামনেই ভ্যানগুলোর অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। এমন একটি ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তানিশার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।