জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে অনুপ্রবেশকারীরা! গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ থেকে প্রধানমন্ত্রী মোদীর ‘ডেমােগ্রাফি মিশন’ বার্তা

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘রাষ্ট্রীয় একতা দিবস’ (National Unity Day)-এর মূল অনুষ্ঠান থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং একতা দিবসের কুচকাওয়াজ পর্যবেক্ষণের পর প্রধানমন্ত্রী দেশবাসীকে ঐক্য ও সংহতির বার্তা দেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল জোর ছিল অনুপ্রবেশ এবং দেশের সুরক্ষার ওপর।

অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান
অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ।” তিনি অভিযোগ করেন, বহু দিন ধরে অনুপ্রবেশকারীরা দেশের নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট করেছে এবং দেশের ঐক্যকেও প্রশ্নের মুখে ফেলেছে।

প্রধানমন্ত্রী পূর্বতন সরকারগুলির দিকে সরাসরি আঙুল তুলে অভিযোগ করেন, “সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে।” তিনি আরও বলেন, এই অনুপ্রবেশকারীরা দেশের সম্পদ বেদখল করছে।

কঠিন বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বলেন, “আমরা আজকে শপথ নেব— ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়ব।” তিনি জোর দিয়ে বলেন, প্রথমবার এই অনুপ্রবেশকারী ইস্যুতে সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।

বিরোধীদের আক্রমণের মুখে অনুপ্রবেশকারীরা
অনুপ্রবেশকারীদের ইস্যুতে যারা সরকারের পদক্ষেপের বিরোধিতা করছে, তাদেরও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই লড়ছে কোথাও কোথাও। তাদের মনে হচ্ছে, দেশ যখন একবার ভেঙেছে, তখন বারবার ভাঙবে। এদের কিছু যায় আসে না।”

প্রধানমন্ত্রী মোদী সতর্ক করে বলেন, “দেশের সুরক্ষা ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষাও বিঘ্নিত হবে।”

সর্দার প্যাটেল ও জাতীয় সুরক্ষা
সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্যাটেলই ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল এক সুরক্ষিত ও সংহত ভারতের। প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে বলেন, প্যাটেলের আদর্শই সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি ও বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলার নীতিকে চালিত করে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোদী ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান এবং উপস্থিত সকলকে ‘একতা দিবস’ শপথ বাক্য পাঠ করান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy