ছেলের খোঁজে এসে মর্মান্তিক পরিণতি! সল্টলেক সেক্টর ফাইভে বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা, গুরুতর আহত স্বামী

সল্টলেক সেক্টর ফাইভে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার। বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামীও।
পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম আরতি দাস (৬০)। তাঁর স্বামী অসীম দাস (৭০) গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
সোদপুরের নাটাগড়ের বাসিন্দা অসীম দাস পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস ধরে তাঁদের দুই ছেলের কোনো খোঁজ নেই। ছেলের সন্ধান করতেই তাঁরা সল্টলেক সেক্টর ফাইভে এসেছিলেন। আর এই অনুসন্ধানের সময়ই ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে আসা একটি বাস কলেজ মোড়ে টার্ন নেওয়ার সময় বৃদ্ধ-বৃদ্ধা দু’জনকেই সজোরে ধাক্কা মারে। স্থানীয় মানুষ এবং নবদিগন্ত ট্র্যাফিক পুলিশের তৎপরতায় আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা আরতি দাসের মৃত্যু হয়।
এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। বাসের চালককেও আটক করা হয়েছে। নিখোঁজ ছেলের সন্ধানে এসে এমন মর্মান্তিক পরিণতি হওয়ায় বৃদ্ধ দম্পতির পরিবারে এবং সোদপুরের নাটাগড়ে শোকের ছায়া নেমে এসেছে।