“ছাত্রদের ওপর গুলির নির্দেশ কে দিয়েছিল?” অমিত শাহের পদত্যাগ দাবি করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধী!

দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে ঝাড়খণ্ড—ছাত্র বিক্ষোভ ও আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংবাদ সম্মেলনে এক আক্রমণাত্মক মেজাজে রাহুল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ কে দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার স্পষ্ট জবাব দিতেই হবে।
অমিত শাহের পদত্যাগ দাবি রাহুলের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এসে এই বিষয়ে বিবৃতি দেবেন বলে কেন্দ্রের তরফ থেকে ঘোষণার পরই সুর চড়ান রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়ে দেন, “প্রশ্নটা এটা ছিল না যে অমিত শাহ সংসদে এসে সাধারণ বিষয়ে ভাষণ দেবেন কি না। প্রশ্নটা সবসময়ই ছিল যে, দিল্লিতে আমাদের যুবকদের ওপর গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল, তা তাঁকে স্পষ্ট করতে হবে।” পেলেট গান থেকে গুলি চালানো এবং পেরেক লাগানো লাঠি দিয়ে ছাত্রদের পেটানোর প্রসঙ্গ টেনে রাহুল আরও বলেন, “যদি তিনি আদেশ দিয়ে থাকেন, তাহলে আমাদের সন্তানদের ওপর গুলি চালানোর জন্য তিনি দোষী। আর যদি তিনি ঘটনাটি সম্পর্কে অবগত না থাকেন, তাহলে তিনি সম্পূর্ণ অযোগ্য। উভয় ক্ষেত্রেই তাঁর পদত্যাগ করা উচিত।” এছাড়া রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রকাশ্যে জবাব দেওয়া উচিত বলে দাবি তুলেছেন তিনি।
ঝাড়খণ্ডের পুলিশি পদক্ষেপ প্রসঙ্গে কংগ্রেস নেতার তোপ
দিল্লির পাশাপাশি জোট শরিক ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের জমানাতেও ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি লাঠিচার্জের কড়া সমালোচনা করেছেন রাহুল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, ঝাড়খণ্ডে প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে এই বলপ্রয়োগ সম্পূর্ণ অন্যায়। ছাত্রদের শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর মৌলিক অধিকার রয়েছে এবং বলপ্রয়োগ না করে একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত অবিলম্বে আন্দোলনরত পড়ুয়াদের কথা শোনা এবং তাদের দাবিগুলির সুরাহা করা।
কিরেন রিজিজুর পাল্টা আক্রমণ
রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক মন্তব্যের পরই কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি পাল্টা তোপ দেগে বলেন, সংসদে এই বিষয়ে পূর্ণাঙ্গ জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু গণতন্ত্রে কেবল চটকদার অভিযোগ করে এবং হাঙ্গামা করে পালিয়ে যাওয়া বিরোধী নেতার শোভা পায় না। আগামী দিনে সংসদে সমস্ত অভিযোগের মুখোমুখি হতে বিরোধীদের স্বাভাবিক আলোচনা চলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।