চুরিতে ‘ডক্টরেট’! ট্রেন থেকে ব্যাঙ্কে, ব্লেড দিয়ে নিখুঁত কায়দায় চুরি করতেন কুখ্যাত রাবিয়া বিবি

বয়স কেবল একটি সংখ্যা, যদি আপনার জীবনের অর্ধেকটা সময় কেটে থাকে চুরি আর ছিনতাইয়ে! রাবিয়া বিবি, যার জীবনের বেশিরভাগ অংশ কেটেছে চুরি, জেল এবং আবার চুরি করে। ট্রেন থেকে শুরু করে এবার ব্যাঙ্কে নজর দিয়েছিল এই চক্র। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছে পুলিশের জালে।

রাবিয়ার হাত এতটাই নিখুঁত ছিল যে তার শিকাররা বুঝতেই পারতেন না কখন তাদের ব্যাগ থেকে টাকা বা গয়না হাওয়া হয়ে গেছে। এই চক্রের মূল মাথা রাবিয়া প্রথমে একা কাজ করলেও পরে তার স্বামীসহ আরও কয়েকজন যুক্ত হন।

সম্প্রতি, তারা ট্রেন ছেড়ে ব্যাঙ্ককে নিশানা করা শুরু করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা তাদের টার্গেটে থাকত। চক্রের সদস্যরা ব্যাঙ্কের ভিতরে পর্যবেক্ষণ করত যে কোন বয়স্ক ব্যক্তি কত টাকা তুলছেন এবং কোথায় রাখছেন। এরপর রাবিয়া অত্যন্ত নিখুঁতভাবে ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা বের করে নিত।

সম্প্রতি, সোনারপুরের এক ব্যাঙ্ক থেকে তপতী সরকার নামে এক মহিলা ১ লক্ষ টাকা তোলেন। ব্যাঙ্কের বাইরে চা খেতে দাঁড়ানো মাত্রই রাবিয়া ও তার সঙ্গীদের পাতা ফাঁদে পড়েন তিনি। তপতী সরকারের অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে রাবিয়া বিবি ও তার সঙ্গী মিতা পুরকাইতকে গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, বারুইপুর, জয়নগর, উত্তর ২৪ পরগনার রহড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় রাবিয়াদের এই চক্রের জাল ছড়িয়ে আছে। একাধিকবার ধরা পড়লেও আবার একই কায়দায় চুরি শুরু করতেন রাবিয়া। তবে এবার পুলিশের হাতে ধরা পড়ে তার দাপটের শেষ হলো।