চুঁচুড়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে নিঃসঙ্গ বৃদ্ধের দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা

চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে ফ্ল্যাটের দরজা ভেঙে একাকী বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত বৃদ্ধের নাম অমল চক্রবর্তী, বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং নিঃসন্তান। কয়েক বছর আগে তাঁর স্ত্রী প্রয়াত হন।
সংবাদপত্র বিক্রেতার ডাকে রহস্যের উদঘাটন:
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও সংবাদপত্র বিক্রেতা নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে কাগজ দিতে আসেন। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরও কোনও সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে ঘটনাটি জানান। প্রতিবেশীরাও ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। একই সঙ্গে তাঁর একমাত্র ভাইপোকেও পুরো বিষয়টি জানানো হয়।
মুখ থেকে বেরোচ্ছিল গ্যাঁজলা:
খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে, বৃদ্ধ বিছানার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পুলিশের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে এই অস্বাভাবিক মৃত্যু হল, তা জানতে পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে। আপাতত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।