খাড়গের সভা শেষের পরেই মঞ্চে চলল ‘শুদ্ধিকরণ’! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার দাবিতে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভার মঞ্চ ‘শুদ্ধিকরণ’ করার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবার সরাসরি আসরে নেমেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি দাবি জানিয়েছেন যে, খাড়গের সভাস্থল ও মঞ্চ শুদ্ধ করার মতো অবমাননাকর কাজের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে একটি এফআইআর দায়ের করা উচিত।
এর আগে শনিবার কংগ্রেস সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে সরাসরি ‘অস্পৃশ্যতা’-র সঙ্গে তুলনা করেন। এই প্রসঙ্গেই রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সত্যিই ভারতীয় সংবিধানকে সম্মান করেন, তবে খাড়গের জনসভার পর যারা এই জাতভিত্তিক অবমাননা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে এসসি/এসটি আইনি ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, ঘটনার কুড়ি দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী বা রাজ্য সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে।
রাহুল গান্ধীও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, এটি কেবল একটি নির্দিষ্ট নেতার অপমান নয়, বরং এটি বিজেপি-আএসএস-এর সেই পুরনো মানসিকতার প্রকাশ যা দলিতদের উন্নতি এবং মর্যাদাপূর্ণ জীবন মেনে নিতে পারে না। কংগ্রেস সভাপতি খাড়গের জন্য অবিলম্বে ন্যায়বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গোটা গান্ধী পরিবার।