‘প্রকৃত শত্রু’ কে? চিনিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা! আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার মোজতবা খামেনির

মুসলিম বিশ্বকে সমস্ত ভেদাভেদ ভুলে একজোট হওয়ার জোরালো আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোজতবা খামেনি। রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পরপর কয়েকটি পোস্ট করে তিনি সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে ইসলাম এবং মুসলমানদের ‘প্রকৃত শত্রু’ বলে আক্রমণ করেন। মুসলিম দেশগুলির পারস্পরিক বিভাজন দূর করে অবিলম্বে যৌথভাবে এই শক্তির মোকাবিলা করার বার্তা দিয়েছেন তিনি।

খামেনি তাঁর বার্তায় অভিযোগ করেছেন, ইসলামের শত্রুরা দীর্ঘদিন ধরে মুসলমানের শক্তি দুর্বল করতে জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে সুকৌশলে ব্যবহার করছে। বিভেদ সৃষ্টির মাধ্যমে মুসলিম উম্মাহর ওপর আধিপত্য বিস্তার করাই তাদের মূল উদ্দেশ্য। এমনকি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেসব ব্যক্তি বা নেতা এই বিভেদ উসকে দিচ্ছেন, তাঁরা পরোক্ষভাবে শত্রুর এজেন্ডাই সফল করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

ফিলিস্তিনের বর্তমান সংকটজনক পরিস্থিতির উদাহরণ টেনে খামেনি প্রশ্ন তুলেছেন, বিশ্বের সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকত, তবে কি ফিলিস্তিনের এই পরিণতি দেখতে হতো? পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের সমস্ত ইসলামিক দেশকে সতর্ক করে তিনি বলেন, অপরাধী মার্কিন শাসক এবং অবৈধ জিয়নিস্ট বা ইসরায়েলি প্রশাসন কেবল মুসলিম ঐক্যেরই বিরোধী নয়, বরং তারা গোটা মুসলিম উম্মাহর ধ্বংস চায়। এমনকি আমেরিকার মিত্র বলে পরিচিত রাষ্ট্রগুলির শাসকেরাও এই বৈরী মনোভাব ও অপমানের হাত থেকে রেহাই পাচ্ছে না বলে দাবি করেছেন খামেনি। সমস্ত ভেদাভেদ ভুলে ন্যায় ও ঐক্যের পথে চলার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের বর্তমান সমস্যার সমাধান সম্ভব বলে মত প্রকাশ করেছেন তিনি।