“চাপের মুখে পড়েই দেব বাধ্য হচ্ছেন বার বার ভোটে দাঁড়াতে”, বিস্ফোরক দিলীপ

২১শে জুলাইয়ের আগে থেকেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষত বিজেপি থেকে অনেকের তৃণমূলে যোগদানের জল্পনা ছিল তুঙ্গে। এমনকি, দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন বলেও রটনা ছড়িয়েছিল। দীঘার জগন্নাথ মন্দিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষকে এক ফ্রেমে দেখেই এমন গুঞ্জনের সূত্রপাত হয়েছিল, যা পরে ভিত্তিহীন প্রমাণিত হয়। তবে এই সবকিছুর মধ্যে মঙ্গলবার দিলীপ ঘোষের নিশানায় এলেন তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো খোঁচা দিয়ে দিলীপের দাবি, নানা চাপের মুখে পড়েই দেব বারবার ভোটে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।

সংবাদ প্রতিদিনের একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষকে বলতে শোনা গেছে, “দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন, ‘এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, তাহলে রাজনীতি ছেড়ে দেব’। আবার ভোটে দাঁড়ান। আবার ওখানকার মানুষজন তাঁকে ভোট দেন। মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কী হবে? ছেলে কোনো কাজে নেই।”

এরপরই দিলীপ জানান, একপ্রকার চাপের মুখে পড়েই নাকি দেব বাধ্য হচ্ছেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে। বিজেপি নেতার কথায়, “কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে? ঘাটালের মানুষজন এটুকু দাবি করতে পারেন না যে, ‘তুমি আমার বাড়ির ছেলে, আমরা বাড়ি থেকে বের হলে কোমর জলে হাঁটতে হয়। ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয়। ছ’মাস জলে থাকতে হয়।’ ওঁর কোনো কাজ নেই। দম থাকলে রিজাইন করে দেখান। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তাঁরা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না।”

দিলীপের মুখে এই কথা শুনে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে, তবে কি সত্যি ব্ল্যাকমেল করে দেবকে রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে? এর জবাবে নেতা সম্মতি জানিয়ে বলেন, “অবশ্যই, ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে। তাঁকে গরু পাচারের জন্য যে ডাকা হয়েছিল, সেখানে তৃণমূলের লোকেরাই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল। প্রত্যেকবার তাঁকে বলা হয়, তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকশন হাউস বন্ধ করে দেব। ফলে সে বাধ্য হয়ে করছে। মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নিচু করে না।”

শেষে দেবকে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে দিলীপ বলেন, “চোরদের কাছে মাথা নত করো না, দম থাকলে বেরিয়ে এসো।” দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy