চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়িতে, ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এইচআর-কে মারধর ও ছাঁটাই

শুধু চাকরির থেকে ছাঁটাই নয়, এবার ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক বেসরকারি চা কোম্পানির এইচআর-কে মারধর ও লাঞ্ছিত করার মতো গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়িতে। গত ৩ সেপ্টেম্বর ঘটেছে এই ঘটনা। পরের দিনই তাঁকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়। এই ঘটনায় সুবিচার চেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয়েছেন ওই ভুক্তভোগী কর্মী।
কী অভিযোগ?
ভুক্তভোগী কর্মী অভিষেক সেনগুপ্ত সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে তার অভিযোগ জানান। তিনি বলেন, একটি বেসরকারি চা কারবারি সংস্থার অন্য কর্মীদের দিয়ে তাঁকে মারধর করা হয় এবং তাঁকে ‘বাংলাদেশি’ বলে অপমান করা হয়। এমনকি, প্রথম দিকে পুলিশও তার অভিযোগ নিতে অস্বীকার করে। এই পুরো ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিষেক সেনগুপ্ত মেয়রকে জানান, তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ না থাকা সত্ত্বেও, এমন অপমানজনক ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মেয়রের আশ্বাস এবং পুলিশের তৎপরতা
অভিযোগ শোনার পর মেয়র গৌতম দেব বিষয়টিকে অত্যন্ত ‘গুরুতর এবং দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, এমন অভিযোগ এর আগে তিনি কখনো শোনেননি। মেয়র অবিলম্বে অভিষেক সেনগুপ্তের কাছ থেকে ঘটনার সমস্ত নথি ও অভিযোগের কপি চেয়ে পাঠিয়েছেন এবং সোমবার ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন।
মেয়রের কাছে নালিশ জানানোর পরই পুলিশের ভূমিকা বদল হয়। এখন পুলিশ তার অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে। এদিকে, এই বিষয়ে জানতে ওই সংস্থার অন্যতম কর্তা নিকুঞ্জ বনসলকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এই ঘটনা শিলিগুড়ির মতো শান্ত শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।