তিনি ফিরতেই বীরভূমের রাজনীতিতে যেন পুরনো দিনের চেনা উত্তাপ ফিরে এসেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে ফের একবার ‘উন্নয়ন’ অস্ত্রেই শান দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম মুখ অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মসংস্থান ও উন্নয়ন নিয়ে ফের এমন এক মন্তব্য করলেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
“চাকরির কথা বলবেন না…”
রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগ নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল এদিন সরাসরি উত্তরপ্রদেশ ও বিহারের উদাহরণ টানেন। তাঁর দাবি:
“চাকরির কথা বলবেন না, ইউপিতে (উত্তরপ্রদেশ) কোনো চাকরি নেই। ওখানকার লোক এখানে ইন্টারভিউ দিতে আসে।”
“বিহারে কোনো কাজ নেই। বাংলা অনেক ভালো অবস্থায় আছে। এখানে মানুষের হাতে কাজ আছে, পেটে ভাত আছে।” তাঁর এই মন্তব্য বিরোধীদের তোলা ‘বেকারত্ব’ ইস্যুকে কার্যত নস্যাৎ করে দেওয়ার এক কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।
সেই বিখ্যাত ‘উন্নয়ন’ তত্ত্ব
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতর মুখে শোনা গিয়েছিল— “উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে”। ২০২৬-এর মেগা লড়াইয়ের আগেও সেই একই তত্ত্বে অনড় তিনি। এদিন তিনি বলেন, “এখনও বলছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, তা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বিরোধীরা চোখ বন্ধ করে থাকলে উন্নয়ন দেখতে পাবে না।”
“বেশি বাড়াবাড়ি করলে সব খেয়ে নেব”
নির্বাচনী আবহে ইলামবাজারে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আসতেই তাঁর স্বভাবসিদ্ধ ঢংয়ে অনুব্রত বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। সাঁজোয়া গাড়ি আসুক আর যা-ই আসুক, বেশি বাড়াবাড়ি করলে সব খেয়ে নেব।” অনুব্রতর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।





