ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন আধিকারিক, অফিসে বসে কান্নায় ভাঙলেন টাউন প্ল্যানিং অফিসার

তেলঙ্গানায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান যেন থামছেই না! এবার ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন রঙ্গাড্ডি জেলার নারসিঙ্গি মিউনিসিপ্যাল অফিসের টাউন প্ল্যানিং অফিসার মনিহারিখা। ঘুষের টাকা নেওয়ার সময় তাকে ধরেছে তেলঙ্গানা অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি)।
অভিযোগ, লেআউট রেগুলারাইজেশন স্কিমের আওতায় এক বাসিন্দার জমি অনুমোদনের জন্য মনিহারিখা ১০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। এই প্রস্তাবে রাজি না হয়ে বিনোদ নামে ওই ব্যক্তি সরাসরি এসিবি-র কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। বুধবার ঘুষের প্রথম কিস্তি ৪ লক্ষ টাকা নেওয়ার সময় হাতে-হাতে ধরে ফেলা হয় মনিহারিখাকে।
ধরা পড়ার পর মনিহারিখা কান্নায় ভেঙে পড়লেও শেষ রক্ষা হয়নি। এসিবি তার অফিসে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র জব্দ করে।
তেলেঙ্গানায় দুর্নীতির বিরুদ্ধে এসিবির এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত জুলাই মাসে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার-ইন-চিফ সি মুরলিধর রাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক ভিলা, ফ্ল্যাট, সোনার গয়না, মোটা ব্যাংক আমানত এবং একটি বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। নথি অনুযায়ী তাঁর সম্পদের মূল্য একরকম হলেও, বাস্তবে তার বাজারমূল্য কয়েক গুণ বেশি ছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন।
এই ঘটনাগুলো প্রমাণ করে, দুর্নীতি দমনে সরকার এখন জিরো টলারেন্স নীতি নিয়েছে। সরকারি চেয়ারকে ব্যক্তিগত সম্পদ গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা এখন আর সহজ হবে না।