হাড়হিম করা ঘটনা! খাটের নিচে চাদরে মোড়া মায়ের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগে আটক দেওর ও দুই ছেলে

গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন মা। মঙ্গলবার সকালে বাড়ির খাটের নিচে উঁকি দিয়ে হাড়হিম হয়ে যায় ছেলের। চাদরে মোড়া মায়ের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করে ওঠেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সাহাপুরে। মৃতার নাম মিঠু দত্ত (৪৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে মিঠুর স্বামী নিখোঁজ হয়ে যান। এরপর তিনি দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করেন। কয়েক বছর আগে তার দেওর স্ত্রী-সন্তানকে ছেড়ে মিঠুর সঙ্গে থাকতে শুরু করেছিলেন। এলাকাবাসীর দাবি, বিষয়টি ভালোভাবে দেখেননি মিঠুর সন্তানেরা।
পুলিশ সূত্রে খবর, মিঠুর মুখ থেঁতলে বিকৃত করে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছেলেরা বিভিন্ন জায়গায় খোঁজ করছিল। অবশেষে মঙ্গলবার সকালে নিজের বাড়ির খাটের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ এই ঘটনায় মিঠুর দেওর এবং দুই ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সম্পর্কের টানাপোড়েনেই কি মিঠুর প্রাণ গেল, সেই প্রশ্ন উঠছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।