ঘাটাল ‘মাস্টার প্ল্যান’ নিয়ে বিরোধীদের টপ, পাল্টা জবাব দিলেন দেব

প্রতি বছর বর্ষার সময় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে চলে যায়। লাগাতার বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে ফের একবার আলোচনায় উঠে এসেছে সেই বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন এবং সরাসরি আক্রমণের মুখে পড়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তবে এবার সমালোচনার জবাব দিলেন তিনি।
মঙ্গলবার বিজেপি নেতা দিলীপ ঘোষ দেবকে উদ্দেশ্য করে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি দেবকে ‘ভালো ছেলে’ বললেও প্রশ্ন তোলেন, “কেন বারবার দাঁড়িয়ে ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের মানুষের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।” দিলীপ ঘোষ দেবকে ‘চোরদের কাছে মাথা নত না করারও’ পরামর্শ দেন। বিরোধীদের এই ধারাবাহিক সমালোচনার প্রেক্ষিতেই দেব মুখ খুলেছেন।
টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, “যেকোনো বড় প্রকল্পের জন্য সময় লাগে। যদি এটি দু-তিন মাসের কাজ হতো, তাহলে এত সময় লাগতো না।” তিনি আরও বলেন যে, এই অঞ্চলের প্রথম সাংসদ তিনি নন, তার আগে গুরুদাস গুপ্তের মতো বড় নেতারাও সাতবার এই আসন থেকে জিতেছেন। তাঁর মতে, “যদি এই প্ল্যান এত সহজ হতো, তাহলে অনেক আগেই তা সম্পন্ন হয়ে যেত।”
দেব নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবেই তুলে ধরেন এবং জানান যে তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন। তিনি বলেন, “আমি আমার দায়িত্ব জানি। আর যেকোনো জায়গাতেই সমালোচনা হবে। সেটা হওয়া ভালো। তবে জোর করে কাদা ছোড়াছুড়ি করার মধ্যে আমার আপত্তি আছে। সেই কারণে আমি কাদা ছোড়াছুড়ি করি না, কাজ করি। যারা ভোট দিয়েছেন, তারা জানেন আমি কী করি, আর তারা জানলেই যথেষ্ট।”
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ নতুন নয়। বহু বছর ধরে এই পরিকল্পনা শুধু প্রতিশ্রুতি হয়েই থেকে গিয়েছে। দেবের এই মন্তব্যের পর, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি এই পরিকল্পনা সম্পূর্ণ হবে এবং ঘাটালের মানুষ বন্যার অভিশাপ থেকে মুক্তি পাবে? নাকি প্রতি বছরই তাদের এই দুর্দশা সহ্য করে যেতে হবে?