লোকসভা নির্বাচনের আবহে জাতীয় নিরাপত্তা ও বাংলার আবেগ নিয়ে চড়ল রাজনীতির পারদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতাকে নিশানা করে হুমকি দেওয়ার পর, সেই ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মেগা জনসভা থেকে অভিষেক সাফ জানান, পাকিস্তানের এই স্পর্ধার কড়া জবাব দিতে ব্যর্থ মোদী-শাহ জুটি। তাঁর হুঙ্কার, “যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোট সরকার গড়বে, সেদিন ওদের ঘরে ঢুকে মারব।”
সম্প্রতি পাক মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভারত আগ্রাসন দেখালে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে। এই চরম উসকানিমূলক মন্তব্যের পরেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, পাকিস্তান থেকে বসে কেউ বাংলাকে চোখ রাঙাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী কোচবিহারে এসে বাংলার সরকার হটানোর গল্প বলছেন। অমিত শাহকে বিঁধে তিনি বলেন, “যিনি রোজ আমাদের বাংলাদেশি-পাকিস্তানি তকমা দেন, আজ তিনি খাজা আসিফের হুমকির মুখে নিশ্চুপ কেন?”
অভিষেক আরও জানান, তিনি খাজা আসিফের নাম ‘খাতায় লিখে রেখেছেন’ এবং সময়মতো এর যোগ্য জবাব দেওয়া হবে। পহেলগাম হামলার পর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনেই তিনি কেন্দ্রের ‘রহস্যময় নীরবতা’ নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছেন। ভোটের মুখে খাস কলকাতাকে নিয়ে এমন হুমকির পরেও কেন সাউথ ব্লক কড়া পদক্ষেপ করছে না, তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।





