গ্যাসের দাম বাড়ল, ভর্তুকি কমাল মোদি সরকার! ফের কি কাঠের উনুনেই ফিরছেন মা-বোনেরা?

রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এল এক দুঃসংবাদ। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

খাড়গের নিশানায় মোদি সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক তীব্র আক্রমণাত্মক পোস্টে খাড়গে লেখেন, “২০১৬ সালে মোদিজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের মা-বোনেদের কাঠের উনুনের ধোঁয়া থেকে মুক্তি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ১২টি সিলিন্ডার দেওয়ার কথা থাকলেও, গত বছর তা কমিয়ে ৯ করা হয়। এবার সেই সংখ্যা নামিয়ে আনা হয়েছে মাত্র ৪-এ।”

কংগ্রেস সভাপতির অভিযোগ, “দারিদ্র্য দূরীকরণের নামে মোদি সরকার আসলে গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। ক্ষমতার দম্ভে মত্ত সরকার কুমিরের কান্না কাঁদছে।” তাঁর দাবি, মূল্যবৃদ্ধির জেরে ইতিমধ্যেই দেশের প্রায় ৫.৫৬ কোটি উপভোক্তা সিলিন্ডার রিফিল করতে পারছেন না, ফলে তাঁরা বাধ্য হয়েই আবার পুরনো কাঠের উনানে ফিরতে শুরু করেছেন।

কী পরিবর্তন এসেছে ভর্তুকিতে? নতুন নিয়ম অনুযায়ী, উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এখন বছরে কেবল প্রথম ৪টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ, এই ৪টি সিলিন্ডার তাঁরা ৬৪২ টাকায় কিনতে পারবেন। কিন্তু ৫ম সিলিন্ডার থেকেই তাঁদের গুনতে হবে পুরো ৯৪২ টাকা।

প্রসঙ্গত, গত রবিবারই দেশজুড়ে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা। কলকাতায় এর দাম দাঁড়িয়েছে ৯৬৮ টাকায়। গত তিন মাসে রান্নার গ্যাসের দাম মোট ৮৯ টাকা বেড়েছে।

সরকারের ব্যাখ্যা যদিও ভর্তুকি কমানোর সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার বারবার তাদের অবস্থান স্পষ্ট করেছে। সরকারের দাবি, মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতীয় গ্রাহকদের অনেক কম দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy