গোসাবায় দিলীপ ঘোষকে নিয়েই হুড়মুড়িয়ে ভাঙল সভামঞ্চ! হুলুস্থুল কাণ্ড বিজেপির কর্মসূচিতে

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনার সাক্ষী থাকলেন বিজেপি কর্মীরা। রবিবার বিজেপির ‘সংকল্প পত্র’ অভিযান ও কর্মশালা চলাকালীন খোদ দিলীপ ঘোষের ভার সইতে না পেরে ভেঙে পড়ল সভার মঞ্চ। হঠাৎ বিকট শব্দে মঞ্চের একটা অংশ বসে যেতেই এলাকায় হুলুস্থুল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত দিলীপ ঘোষকে ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসেন।

ঘটনাটি ঘটে গোসাবা ঘাট সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে। বিজেপি নেতা অভিযোগ করেছেন, রাজ্য সরকারের চাপে স্থানীয় কোনও হোটেল বা হল তাঁদের সভা করার জন্য ভাড়া দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়েই কাদা মাটির ওপর বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ী ছোট মঞ্চ বাঁধতে হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগে দিলীপ ঘোষ যখন মঞ্চে ওঠেন, তখন অতি উৎসাহী কর্মীদের ভিড়ে চাপের সৃষ্টি হয় এবং নরম মাটিতে খুঁটি বসে গিয়ে মঞ্চটি একপাশে হেলে যায়।

অবশ্য এই ঘটনায় দমে যাননি প্রাক্তন সাংসদ। দ্রুত মেরামতির পর সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই হুঙ্কার ছাড়েন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিজেপিকে ভয় দেখানো হচ্ছে, হল ভাড়া দেওয়া হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে কাদার ওপরেই মঞ্চ করছি।” কর্মীদের চাঙ্গা করতে তিনি নির্দেশ দেন, প্রতিটি বুথে পৌঁছে মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে এবং সংগঠনের শক্তি বাড়াতে হবে। এই মঞ্চ ভাঙার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy