গোবিন্দার সংসারে ভাঙন ধরাচ্ছে কে? পরকীয়ার বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন ‘হিরো নম্বর ওয়ান’!

বলিপাড়ায় ফের তুঙ্গে তারকা দম্পতির পারিবারিক কোন্দল। অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে চর্চা এখন বিনোদন দুনিয়ার হট কেক। স্বামীর বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে পরকীয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন সুনীতা। বিশেষ করে গোবিন্দার আসন্ন হোম প্রোডাকশন ‘রূপা’-র তরুণ অভিনেত্রী কোমল রানির সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন নিয়ে জলঘোলা কম হয়নি। তবে সমস্ত জল্পনার মাঝেই এবার নীরবতা ভেঙে মুখ খুললেন খোদ ‘হিরো নম্বর ওয়ান’। সরাসরি স্ত্রীর অভিযোগ খণ্ডন না করে গোবিন্দার দাবি, সুনীতাকে ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা প্রভাবিত করছেন এবং তাঁর বিরুদ্ধে নেপথ্যে বড় কোনো ‘খেলা’ চলছে!
সুনীতাকে কে প্রভাবিত করছে? বিস্ফোরক গোবিন্দা
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্যের টানাপড়েন নিয়ে খোলামেলা কথা বলেছেন গোবিন্দা। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে নিয়ে কে কী বলছেন, তাতে তিনি মাথা ঘামাতে চান না। অভিনেতার কথায়, “দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে মহিলারা। তবে আমি চুপ থাকতেই পছন্দ করি, কারণ এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যায়।”
এরপরই অতীতের প্রসঙ্গ টেনে গোবিন্দার দাবি, আজ থেকে সাত-আট বছর আগেই তিনি আঁচ করতে পেরেছিলেন যে ভবিষ্যতে তাঁদের জীবনে এমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাঁর মতে, প্রত্যেক পরিবারেই এমন সময় আসে যখন কাছের মানুষরাও অন্যের কথায় ভুল পথে চালিত হন। সুনীতার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে বলে মনে করছেন তিনি। যদিও নেপথ্যে থাকা সেই কুচক্রীদের নাম প্রকাশ্যে আনেননি অভিনেতা।
সুনীতার অবদান স্বীকার ও শান্তির বার্তা
স্ত্রীর সঙ্গে মনমালিন্য চললেও সুনীতার অবদান এক ফ্রেমে অস্বীকার করতে নারাজ গোবিন্দা। তাঁর সাফ কথা, জীবনের নাম, যশ ও খ্যাতির পেছনে মায়ের আশীর্বাদের পাশাপাশি সুনীতারও বড় ভূমিকা রয়েছে। সুনীতাকে নিজের জীবনের ‘সৌভাগ্যবতী’ বলেও উল্লেখ করেছেন তিনি। সুনীতাকে সাময়িক সময় দিতে চেয়ে গোবিন্দার হুঁশিয়ারি, যাঁরা নেপথ্য থেকে এই পরিস্থিতি তৈরি করছেন, তাঁরা ক্লান্ত না হওয়া পর্যন্ত তিনি ধৈর্য ধরবেন। তবে এরপর তাঁরা বুঝতে পারবেন যে গোবিন্দার সঙ্গে পাঙ্গা নিয়ে কতটা ভুল করেছেন।
কলকাতার মন্দির এবং ২০ কোটির প্রস্তাব প্রত্যাখ্যান
অন্যদিকে, গত মাসেই কলকাতার একটি মন্দিরে পুজো দিতে গিয়ে সুনীতা আহুজা ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর করার প্রার্থনা জানিয়েছিলেন। পাশাপাশি নিজের সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্ম ও মহিলাদের সমর্থনও চেয়েছিলেন।
সাক্ষাৎকারের শেষভাগে নিজের জীবনের দুর্ঘটনা ও কেরিয়ারের প্রসঙ্গও টেনে আনেন গোবিন্দা। তাঁর দাবি, কিছুদিন আগে পায়ে গুলি লাগার দুর্ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য ২০ থেকে ২২ কোটি টাকার লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সব মিলিয়ে, গোবিন্দা-সুনীতার এই পারিবারিক কোন্দল এখন বলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়।