“রাহুলের সংগরেই এমন দশা!” মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, সুর চড়ালেন প্রহ্লাদ জোশী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অত্যন্ত বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির পারদ চরম সীমায় পৌঁছেছে। এই ইস্যুতে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে অল-আউট আক্রমণে নেমেছে শাসকদল বিজেপি। খাড়্গের এই বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস সংসদীয় দল ও রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর দাবি, রাহুল গান্ধীর অপরিণত মানসিকতা ও সংস্পর্শের কারণেই কংগ্রেসের প্রবীণ নেতাদের রাজনৈতিক রুচি এতটা নিম্নগামী হয়েছে।
ঘটনার সূত্রপাত বিহারে আয়োজিত দেশের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উদযাপনের এক সভায়। সেখানে ভাষণ দেওয়ার সময় দর্শকাসন থেকে সন্তোষ কুমার নামে এক ব্যক্তি মন্তব্য করেন যে মোদী কোথাও যাবেন না। এই কথা শুনেই মেজাজ হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন খাড়্গে। তিনি দু-দু’বার চিৎকার করে বলে ওঠেন, “মোদীর বাবাও চলে যাবেন।” রাজনৈতিক সৌজন্যের সব সীমা অতিক্রম করে দেওয়া এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
এই মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “আমরা আগে ভাবতাম শুধু রাহুল গান্ধীই কংগ্রেসে অপরিণত। কিন্তু এখন দেখা যাচ্ছে তাঁর সঙ্গে ওঠাবসা করতে করতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সভাপতি—সবাই হতাশ, নিরাশ ও অপরিণত হয়ে উঠেছেন। তাঁরা ভারতের রাজনৈতিক কৃষ্টি ও সংস্কৃতিকে ধ্বংস করছেন।” এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স-হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসকে একহাত নেন। তিনি লেখেন, অতীতে মোদীর প্রয়াত মা-কে নিয়ে মন্তব্য, তাঁকে ‘মৃত্যুর সওদাগর’ বলা বা তাঁর অতীত পরিচয় নিয়ে কটাক্ষ করার মতোই এটি কংগ্রেসের নতুন নিম্নমানের রাজনীতির নির্লজ্জ বহিপ্রকাশ।