গিনেস রেকর্ডের পথে বাংলা! ৫০০ নৌকায় একসঙ্গে যোগব্যায়াম, ২০ জুন ড্রোন শো-সহ থাকবে এলাহি আয়োজন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অভূতপূর্ব উৎসবের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। আগামী ২১ জুন রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে এক মেগা যোগা ইভেন্ট, যেখানে প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন। তবে মূল অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ২০ জুন থেকেই শুরু হচ্ছে একাধিক চমক। গঙ্গার ঘাটগুলি সেজে উঠছে এক অনন্য সাজে। মিলেনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর এবং বাবুঘাটে অনুষ্ঠিত হবে বিশেষ যোগ কার্নিভাল।

২০ জুনের বিশেষ চমক:
২০ জুন সন্ধ্যায় গঙ্গাবক্ষে আয়োজিত হবে এক নজরকাড়া যোগ কার্নিভাল। এই দিনটির প্রধান আকর্ষণ হতে চলেছে মেগা ড্রোন শো ও লেজার শো, যা প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক এলাকাকে এক মায়াবী রূপ দেবে। যোগব্যায়ামকে কেন্দ্র করে বিশেষ লেজার শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং মন্ত্রিসভার বিশিষ্ট সদস্যবৃন্দ। আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিদের জন্য সেদিন রাতে থাকছে বিশেষ নৈশভোজের ব্যবস্থা। উল্লেখ্য, ১৯ তারিখ থেকেই শহরজুড়ে আলোকসজ্জার কাজ শুরু হয়ে যাবে।

২১ জুনের মেগা কর্মসূচি:
আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ ২১ জুন মূল ইভেন্ট শুরু হবে ভোর ৫টা থেকে। রেড রোডে অংশগ্রহণকারীদের রিপোর্টিংয়ের পর সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলবে শেষ মুহূর্তের অনুশীলন। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন সকলে। সকাল ৭টা থেকে ঠিক ৪৫ মিনিট ধরে আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে চলবে মূল যোগাভ্যাস পর্ব।

বিশ্বরেকর্ডের হাতছানি:
এবারের যোগ দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে ৫০০-রও বেশি নৌকার ওপর একসঙ্গে যোগাভ্যাস। এটি সম্পন্ন হলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। রেড রোডের মূল অনুষ্ঠানে ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিসহ দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন।

রাজ্য সরকার এবং যোগা দিবস উদযাপন কমিটি এই আয়োজনে কোনো ত্রুটি রাখছে না। রেড রোডের পাশাপাশি রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রান্তে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। একদিকে ড্রোন শো-এর প্রযুক্তিনির্ভর আধুনিকতা, অন্যদিকে প্রাচীন যোগের মেলবন্ধন—সব মিলিয়ে ২১ জুনের রেড রোড এবং গঙ্গাপাড় এখন এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়।