গলায় চুইংগাম আটকে প্রায় মৃত্যু, দেবদূতের মতো চার যুবকের তৎপরতায় বাঁচল শিশুর প্রাণ

কেরলে এক মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৮ বছরের একটি শিশু। মুখে চুইংগাম নিয়েই সে বড় বিপদে পড়েছিল, যা তার গলায় আটকে গিয়ে শ্বাস-প্রশ্বাস প্রায় বন্ধ করে দিয়েছিল। তবে চারজন যুবকের তৎপরতা ও দ্রুত পদক্ষেপের কারণে শিশুটির জীবন রক্ষা পেয়েছে। কান্নুরের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি সাইকেলে চড়ে যাচ্ছিল এবং একটি চুইংগাম খাচ্ছিল। হঠাৎই সে অস্বস্তিতে পড়ে এবং একটি সবজি দোকানের কাছে গিয়ে উপস্থিত হয়। সেখানে কয়েকজন যুবক সবজি কিনছিল। তারা শিশুটির অবস্থা দেখে বুঝতে পারেন যে, সে বিপদে পড়েছে।
একজন যুবক দ্রুত শিশুটিকে কোলে তুলে নিয়ে তার পিঠে চাপ দিতে শুরু করে। আরেকজন যুবকও তাকে সাহায্য করে। তাদের এই প্রচেষ্টায় চুইংগামটি বেরিয়ে আসে এবং শিশুটি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই চার যুবকের প্রশংসায় ভরে উঠেছে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি তাদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। স্থানীয়রাও শিশুটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন, কারণ সে বিপদ বুঝতে পেরে সাহায্যের জন্য দ্রুত ওই যুবকদের কাছে গিয়েছিল। একইসঙ্গে, যুবকদের সাহসিকতা ও সময়োপযোগী পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন সবাই।