খোঁলা আকাশের নিচে পড়ে আছে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র! পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি?

সামনেই উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা। আর তার আগেই সামনে এল এক মারাত্মক গাফিলতির ছবি। গত চার দিন ধরে খোলা আকাশের নিচে, একটি গাড়িতে পড়ে রয়েছে উচ্চমাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং ওএমআর শিট। আলিপুরদুয়ার থানার সামনে এই দৃশ্য ঘিরে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

গাড়ির চালক আরিফ যাদব জানান, তিনি গত ১ সেপ্টেম্বর থেকেই এখানে প্রশ্নপত্র নিয়ে এসেছেন। কিন্তু প্রশাসন বা থানার পক্ষ থেকে সেগুলিকে সুরক্ষিত জায়গায় রাখার কোনও ব্যবস্থা করা হয়নি। দিনে ৮০০ টাকা মজুরি পেলেও তিনি রীতিমতো সমস্যায় রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না।

জেলা প্রশাসন সূত্রে খবর, এই প্রশ্নপত্রগুলো থানার ভেতরে সুরক্ষিত করে রাখার কথা। কিন্তু কখন এবং কীভাবে তা করা হবে, সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। গত সোমবার রাতে এই গাড়িটি আলিপুরদুয়ারে পৌঁছায়। তারপর থেকে এভাবেই পড়ে আছে।

সোমবার থেকে পরীক্ষা শুরু হতে চলেছে, আর তার আগে এমন অবহেলায় প্রশ্নপত্র পড়ে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ। অনেকেই পুলিশ ও প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

উচ্চমাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর কথায়, এই ব্যাপারে তাঁদের কাছে কোনো নির্দেশনা নেই এবং প্রশাসনের গাফিলতি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না।