খোঁকা ইলিশ নিয়ে তুলকালাম কাণ্ড, ডায়মন্ড হারবারে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তে খোকা ইলিশ বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল ও উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে।
জানা গেছে, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে নিয়ে যাচ্ছিলেন। মগরাহাট থানার নাকা চেকিংয়ের সময় পুলিশ তাঁর গাড়ি আটক করে। তল্লাশিতে দেখা যায়, গাড়িতে প্রায় ২৪০ কেজি খোকা ইলিশ রয়েছে, যার ওজন ছিল ৩০০ গ্রামেরও কম। এর মধ্যে ২৫০ গ্রামের মাছও ছিল।
সরকারি নির্দেশ অমান্য
খোকা ইলিশ ধরা ও বিক্রি করা আইনত নিষিদ্ধ হলেও, সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। মৎস্য দফতর অবৈধভাবে কেনা এই ইলিশগুলো নগেন্দ্র বাজারে নিলামের জন্য নিয়ে আসে। তখনই স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা তীব্র বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠলে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা আবারও প্রমাণ করে, আইনের কড়াকড়ি সত্ত্বেও বাজারে খোকা ইলিশের অবৈধ কারবার এখনও চলছে।