খুশির খবর, সব জল্পনার অবসান, পুজোর আগে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুজোর মুখে পশ্চিমবঙ্গের বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী ও ভোজনরসিক বাঙালি মহলে খুশির হাওয়া।
কবে আসবে ইলিশ?
ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক এপারে প্রবেশ করতে পারে। অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “পুজোর আগে ইলিশ রফতানির অনুমতি দেওয়ায় আমরা খুব খুশি। আশা করছি, খুব তাড়াতাড়ি ইলিশ আসা শুরু করবে এবং বাঙালির রসনা তৃপ্ত হবে।”
উৎপাদন কম, তাই ভরসা পদ্মা
এই বছর পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ইলিশের উৎপাদন বেশ কম। সেই ঘাটতি মেটাতে বাজারে গুজরাটের ভারুচের ইলিশ জায়গা করে নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বাঙালির পাতে পদ্মার ইলিশের চাহিদা সবসময়ই থাকে তুঙ্গে। যদিও এ বছর দাম কিছুটা বেশি হতে পারে, তবুও উৎসবের মরশুমে ইলিশের বিভিন্ন পদ চেখে দেখতে বাঙালি কার্পণ্য করবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ইলিশ রফতানি ব্যাহত হয়েছিল। কিন্তু এবার ফের অনুমতি মেলায় পদ্মার ইলিশপ্রেমীদের মধ্যে উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেল।