খাঁটি দুধের নামে ভয়াবহ প্রতারণা! ২০ লিটার দুধ থেকে ১০০ লিটার ভেজাল তরল তৈরি, হাতেনাতে ধরা পড়ল যুবক

নবদ্বীপ থানার মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি বেআইনি ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব যৌথভাবে ওই কারখানায় হানা দেন। অভিযোগ উঠেছে, একটি কারখানায় মাত্র ২০ লিটার খাঁটি দুধের সঙ্গে ছানার জল, ক্ষতিকারক রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার ভেজাল তরল দুধ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে এই বিষাক্ত তরল প্যাকেটজাত করে বিভিন্ন স্থানীয় এলাকা এবং সংস্থায় সরবরাহ করা হতো।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ ও প্যাকেটজাত ভেজাল দুধ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ এবং কারখানাটি সিল করে দেয়। এ সময় কারখানার মালিকের ভাগ্নে পরিচয়দানকারী এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার রমরমিয়ে চলেছে এবং এ বিষয়ে স্বাস্থ্য দফতরে অবিলম্বে লিখিত অভিযোগ জানানো হবে।
ঘটনায় নতুন মোড় নিয়েছে কারখানার বাইরে টাঙানো একটি সাইনবোর্ডকে কেন্দ্র করে। সেখানে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’ এবং ‘দি কিষান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড’-এর নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই সমবায় সমিতির সঙ্গে বেআইনি কারবারের সরাসরি কোনো যোগ রয়েছে কি না। গোটা ঘটনার সত্যতা যাচাই এবং চক্রের মূল পান্ডাদের পাকড়াও করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।