ক্রিকেট মাঠও নিরাপদ নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে বিস্ফোরণ, আহত-নিহত

এবার খেলার মাঠও রক্তাক্ত হলো পাকিস্তানে। শনিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এই ঘটনা আবারও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কী ঘটেছিল?

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার বাজাউর জেলার খার তেহসিলের কাউসর ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি আইইডি (Improvised Explosive Device) বিস্ফোরণ।

এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পুলিশ ধারণা করছে, সম্প্রতি পাক সেনাবাহিনীর ‘অপারেশন সরবকফ’-এর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই খাইবার পাখতুনখোয়াতে তিন জঙ্গিকে নিকেশ করেছিল পাক সেনা।

সন্ত্রাসের ধারাবাহিকতা

এর আগেও পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ খাইবার পাখতুনখোয়ার সাতটি জেলায় গ্রেনেড হামলা চালিয়েছিল, যাতে অন্তত ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়াও, সম্প্রতি বালুচিস্তানে একটি জনসভায় আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছিলেন।

কাউসর ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পরমুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে মানুষকে প্রাণভয়ে দৌড়াতে দেখা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণটি পরিকল্পিত ছিল এবং তারা তদন্ত শুরু করেছে।