ক্রিকেটের পর এবার ‘বিগ বস বাংলা’! সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় আসছে সিজন ৩

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ নিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কিছু মাস আগেই জানা গিয়েছিল, বাংলায় আসতে চলেছে ‘বিগ বস’-র সিজন ৩। আর এবার সবচেয়ে বড় খবর হলো, এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের ঘনিষ্ঠ সূত্র আজতক বাংলাকে জানিয়েছে, ২০২৬ সালের জুলাই মাস থেকে ‘বিগ বস বাংলার’ সিজন ৩-র শ্যুটিং শুরু হবে এবং সব ঠিক থাকলে সেই মাসেই সম্প্রচারও শুরু হবে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

স্টার জলসার সঙ্গে ১২৫ কোটির চুক্তি
ক্রীড়াজগতের মতো ছোট পর্দাতেও সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণ সফল। এবার তাঁকে স্টার জলসার পর্দায় সঞ্চালক রূপে দেখা যাবে। সূত্রের খবর, স্টারের সঙ্গে সৌরভের আগামী চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে।

এই চুক্তির আওতায় সৌরভ আগামী চার বছরে একই চ্যানেলে দুটো নন-ফিকশন শো সামলাবেন: ১. ‘বিগ বস বাংলা’ সিজন ৩। ২. ‘বিগ বস’ বাংলা শেষ হলে শুরু হবে ‘দাদাগিরি’-র আদলে একটি অন্য ক্যুইজ শো। যদিও এই নতুন ক্যুইজ শোয়ের ফরম্যাট ‘দাদাগিরি’ থেকে অনেকটাই আলাদা হবে।

প্রতিযোগী তালিকায় কাদের নাম?
বাংলা ‘বিগ বস’ নিয়ে টলিপাড়ায় এখন জোর আলোচনা চলছে। প্রতিযোগী হিসাবে একাধিক নাম উঠে আসছে জল্পনায়। ইন্ডাস্ট্রির গুঞ্জন, প্রাথমিক ভাবে নাকি অভিনেত্রী তৃণা সাহা, অভিনেতা নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে।

যদিও তিন অভিনেতা বা চ্যানেল কর্তৃপক্ষের কেউই এই খবর এখনো নিশ্চিত করেননি। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, “বিষয়টি আমার কানেও এসেছে। কিন্তু সত্যি, এ রকম কিছু ঘটছে কি না কিছুই জানি না। আমায় এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”

আগের সিজনগুলি
প্রসঙ্গত, ‘বিগ বস’ বাংলার প্রথম সিজন ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় দেখা গিয়েছিল। সেই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। দ্বিতীয় সিজন ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে আসে, যা সঞ্চালনা করেছিলেন অভিনেতা জিৎ এবং বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।