আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে হতে চলেছে হাইভোল্টেজ পুনর্নির্বাচন। আর সেই ভোটের ঠিক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে এক মেগা নির্বাচনী জনসভা থেকে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ স্থানীয় নেতা জাহাঙ্গির খানকে চড়া সুরে আক্রমণ শানালেন তিনি। জাহাঙ্গিরকে সরাসরি ‘পুষ্পা ডাকাত’ ও ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে দেগে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
নির্বাচনের আগে এলাকায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নিজেকে সিনেমার কায়দায় ‘পুষ্পা’ বলে জাহির করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই এদিন প্রকাশ্য জনসভা থেকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় ও যত গুন্ডামি আর কারচুপি করেছে, সবগুলোর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা হবে। এলাকায় কোনো গুন্ডামি করতে দেব না, আপনারা নিশ্চিন্ত থাকুন।” এরপরই সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “কোথায় পুষ্পা, কোথায় আপনি? এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না কেন?”
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “২০২১ সালে মানবাধিকার কমিশন রাজ্যে ১৯ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বা কুখ্যাত অপরাধী ঘোষণা করেছিল। তার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গিরও ছিল। ওর ব্যবস্থা এবার আমি করব। আমার ওপর ছেড়ে দিন, ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম।” কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু আরও যোগ করেন, “আইন নিজের পথে চলবে। পুলিশকে স্পষ্ট বলেছি, সাদা থান যাতে কারও বাড়িতে ফেলতে না হয়, তা সুনিশ্চিত করতে হবে।”
রাজনৈতিক মহলের মতে, গত এপ্রিলের বিধানসভা নির্বাচনে ফলতার বেশ কিছু বুথে ইভিএমের বোতামে টেপ মেরে রাখার মতো গুরুতর কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সেখানে ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই নির্বাচনকে সামনে রেখেই এদিন ডায়মন্ড হারবারের বুকে দাঁড়িয়ে কোমর বেঁধে আসরে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ১০ বছর ধরে ভাইপোবাবুর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ইশারায় ডায়মন্ড হারবার ও ফলতার মানুষ ভয়ে ভোট দিতে পারতেন না। এবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেই পরিস্থিতি বদলে গেছে। আগামী ২১ মে ফলতার প্রতিটি ভোটারকে নির্ভয়ে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।





