বিজেপির হেভিওয়েট নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পত্তির পরিমাণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল দীর্ঘদিনের। ২০১৬ সালে যখন তিনি প্রথমবার নির্বাচনী ময়দানে নামেন, তখন তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৩০.২৯ লক্ষ টাকা। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী, বর্তমানে তিনি কোটির ক্লাবে নাম লিখিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, দিলীপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৮২ কোটি টাকা। ২০২৬-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ২ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে কলকাতার অদূরে রাজারহাট (নিউ টাউন)-এর আইডিয়াল ভিলেজে রয়েছে ১.৪২ কোটি টাকা মূল্যের একটি আবাসিক ফ্ল্যাট। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কুলিয়ানাতে তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষিজমি ও বাড়ি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮.৭৫ লক্ষ টাকা। সব মিলিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র এখন কোটিপতিদের তালিকায়।





