‘কেরিয়ার হারাতে রাজি, কিন্তু শিরদাঁড়া নয়!’ NEET আন্দোলনে আটক হয়েও চোখ রাঙানিকে বুড়ো আঙুল আয়েশা খানের

NEET-UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে শিরোনামে উঠে এলেন ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান (Ayesha Khan)। মুম্বইয়ে আয়োজিত এক ছাত্র বিক্ষোভে সামিল হওয়ার জেরে তাঁকে পুলিশ আটক করে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে সোশ্যাল মিডিয়ায় তাঁর বলিউড কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সেই হুমকিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত কড়া ভাষায় তার মোক্ষম জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

‘কেরিয়ার হারাতে রাজি, কিন্তু শিরদাঁড়া নয়’

মুম্বইয়ের রাস্তায় NEET বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ভিডিও শেয়ার করেন আয়েশা। তিনি জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাঁকে জোর করে আটক করা হয়। পুলিশ ভ্যানে তোলার সময়ের একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, “দুর্ভাগ্যবশত আমাকে ভ্যানে তুলতে চারজন মহিলা পুলিশকর্মীর প্রয়োজন পড়ল! কিন্তু আমার অপরাধ কী? আমি কি কোনও হাঙ্গামা করেছি, নাকি কারও সঙ্গে তর্ক করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য আমাকে আটক করা হলো?”

পরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে এক নেটিজেন সরাসরি হুমকি দিয়ে মেসেজ করেন, “এবার থেকে তোমায় বলিউডে আর কেউ কাজ দেবে না।” এই মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে এনে আয়েশা সপাট জবাব দিয়ে লেখেন— “আমি আমার কেরিয়ার হারাতে রাজি, কিন্তু শিরদাঁড়া নয়। অন্য কাউকে গিয়ে ভয় দেখান। ধন্যবাদ, বাই-বাই!” অভিনেত্রীর এই আপসহীন ও সাহসী জবাব মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন।

ওয়ারলি পুলিশ স্টেশন ও বলিউডের অন্যান্য তারকাদের সমর্থন

আয়শা জানান, তাঁকে এবং অন্যদের দাদর থেকে আটক করে ওয়ারলি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে বিক্ষोভরত ছাত্রছাত্রীদের সমর্থন জানাতে তিনি তাঁর ভাই ও বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। পুলিশ অনুমতি না থাকার অজুহাতে তাঁর ভাই ও পুরুষ বন্ধুদের আটক করে, এবং যখন তিনি ভাইয়ের খোঁজ নিতে যান, তখন পুলিশকর্মীরা তাঁকে ভ্যানে তুলে নেন। তবে আটক হলেও ওয়ারলি পুলিশ স্টেশনের কর্মীদের ব্যবহার অত্যন্ত ভালো ও নম্র ছিল বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের বিরুদ্ধে চলা এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র আয়শা খান একা নন, বলিউডের একাধিক খ্যাতনামা তারকাও সরব হয়েছেন। নাসিরুদ্দিন শাহ, সলমন খান, অনুপম খের, সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ থেকে শুরু করে অনেকেই ছাত্রদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এছাড়া প্রকাশ রাজ, শাবানা আজমি, হুমা কুরেশি ও সাকিব সলিমদের মতো তারকারাও সরাসরি বিভিন্ন প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।