কেরালার আদালতের যুগান্তকারী রায়ে চাঞ্চল্য, ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে জেলের সাজা

বৃদ্ধ মায়ের ভরণপোষণের টাকা না দেওয়ায় ছেলেকে জেলের সাজা শোনাল কেরালার কানহানগড় আরডিও আদালত। আইন বিশেষজ্ঞদের মতে, ২০০৭ সালের অভিভাবক ও প্রবীণ নাগরিক আইন অনুযায়ী এমন কারাদণ্ডের ঘটনা বিরল। আদালতের এই যুগান্তকারী রায়কে ঘিরে সারা দেশে আলোচনা শুরু হয়েছে।
কী ঘটেছিল?
মামলার অভিযুক্ত প্রথীশ-কে তার বৃদ্ধা মা এলিয়াম্মা জোসেফ-কে প্রতি মাসে ২ হাজার টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল মেইনট্যানেন্স ট্রাইব্যুনাল। কিন্তু গত ৬ মাস ধরে প্রথীশ কোনো টাকা পাঠাননি। বারবার নোটিশ পাঠানো এবং একাধিক শুনানির পরেও তিনি টাকা দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এর পরেই এলিয়াম্মা জোসেফ আদালতে অভিযোগ দায়ের করেন।
আদালতের রায়
আদালত রায় দিয়েছে যে, বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত প্রথীশকে জেলেই থাকতে হবে। আদালত ২০০৭ সালের অভিভাবক ও প্রবীণ নাগরিক আইনের ৫(৮) ধারা এবং বিএনএসএস আইনের ১৪৪ ধারার অধীনে এই সাজা ঘোষণা করেছে।
এই রায়ের পর আইনজীবীরা বলছেন, প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য ভরণপোষণের বিধান থাকলেও এমন কঠোর পদক্ষেপ আগে দেখা যায়নি। এটি নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক রায় যা সমাজে একটি কড়া বার্তা দেবে।