‘কেন্দ্রের সদিচ্ছা নেই’, বাংলার বকেয়া নিয়ে বিস্ফোরক অভিষেক, দিল্লিতে বড় আন্দোলনের ইঙ্গিত

একশো দিনের কাজের বকেয়া ৭৮৮৮.৬৭ কোটি টাকা আদায়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বকেয়া টাকা দেওয়ার সদিচ্ছা কেন্দ্রের থাকলে তারা কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করত না। অভিষেকের দাবি, বাংলার মানুষকে বঞ্চিত করার এই পরিকল্পনা সফল হতে দেবে না তৃণমূল।
মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বকেয়া টাকা আদায়ের জন্য তৃণমূল প্রতিনিধিরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন এবং এই মর্মে মন্ত্রীর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।
দলের অভ্যন্তরীণ বৈঠকেও অভিষেক স্পষ্ট জানিয়েছেন, একশো দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, সর্বশিক্ষা অভিযান এবং হর ঘর জল-এর মতো কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যে বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে, তা আদায়ের জন্য প্রয়োজনে দিল্লির বুকে সর্বাত্মক আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল।
আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এখন থেকেই নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে শুরু করেছে। অভিষেক নিজে প্রতিটি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের হালহকিকত খতিয়ে দেখছেন। এই প্রসঙ্গে তিনি জানান, দলের যুব সংগঠনে চল্লিশোর্ধ্ব কাউকে রাখা হবে না। ব্লক ও জেলা স্তরে পদোন্নতির ক্ষেত্রে পারফরম্যান্সই হবে একমাত্র মাপকাঠি।
দলের মহিলা ও নতুন মুখ তুলে আনার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিষেক জানান, পুজোর আগেই তিনি বীরভূম ও পুরুলিয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় আগামী বছর উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যে আরও ভালো ফল করবে তৃণমূল।
এছাড়া, রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।