উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জেরে প্রকাশ্যে তরজা, বিরোধী শিবিরকে খোঁচা দিলেন রিজিজু

সদ্য সমাপ্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয়ের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনডিএ-র জয় এবং ইন্ডিয়া ব্লকের ক্রস ভোটিং নিয়ে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) বিরোধীদের কটাক্ষ করে এক টুইট করেছেন, যা রাজনৈতিক বিতর্ক আরও উসকে দিয়েছে।
বুধবার কিরেন রিজিজু তার এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) একটি পোস্ট করে ইন্ডিয়া ব্লকের কিছু এমপিকে ধন্যবাদ জানান, যারা ‘অন্তরের ডাক’ শুনে এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। তিনি লেখেন, “বিশেষ ধন্যবাদ ইন্ডি অ্যালায়েন্সের কিছু এমপিদের, যারা অন্তরের ডাক শুনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে ভোট দিয়েছেন। এনডিএ এবং আমাদের সমস্ত বন্ধুপ্রতীম এমপিরা ঐক্যবদ্ধ।”
বিজেপির সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিএল সন্তোষও ইন্ডিয়া ব্লকের ভোট বিভাজন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, “ইন্ডি অ্যালায়েন্সের এমপিদের ভোট সংখ্যা থেকে ১৫টি ভোট কম পড়েছে। ভোট ছিল ব্যালটের মাধ্যমে, তাই ক্রস ভোটিং স্পষ্ট।” তিনি আরও বলেন, বিরোধীরা নিজেরাই ‘অন্তরের ডাক’-এর ডাক দিয়েছিল, আর তার ফল তারা এখন পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জয়কে বিজেপি শুধু একটি রাজনৈতিক সাফল্য হিসেবে নয়, বরং বিরোধী জোটের অভ্যন্তরীণ অস্থিরতা প্রমাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের এই ফলাফলের পর ইন্ডিয়া ব্লকের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। দলের নেতৃত্ব এখন খুঁজছে কে বা কারা এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। যদিও ভোটের গোপনীয়তার কারণে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়, তবে এই ঘটনা বিরোধী জোটের ঐক্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেই মনে করা হচ্ছে।