চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (AFS)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এবং আংশিক সময়ের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষকতার পাশাপাশি স্বাস্থ্য ও ক্রীড়া ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে এখানে।
শূন্যপদ ও যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (TGT), প্রাথমিক শিক্ষক (PRT) এবং বালবাটিকা শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও নাচ, যোগব্যায়াম, স্পোর্টস কোচ, চিকিৎসক, নার্স, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক এবং এডুকেশন কাউন্সেলর পদেও আবেদন করা যাবে। স্পেশ্যাল এডুকেটর পদের জন্য স্নাতক ও স্পেশ্যাল এডুকেশনে বিএড (B.Ed) থাকা বাধ্যতামূলক। অন্যান্য পদের ক্ষেত্রেও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
সরাসরি ইন্টারভিউ:
আগ্রহী প্রার্থীদের আলাদা করে আবেদনের প্রয়োজন নেই; সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ওইদিন সকাল ৮:৩০ থেকে ১১টার মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিশদ জানতে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।