কৃষি আইনের ক্ষোভ ভুলে মোদির পাশে পুরনো বন্ধু! ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলে সমর্থনের ঘোষণা অকালি দলের

কেন্দ্র সরকারের সামনে থাকা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি—সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন (Delimitation) এবং মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)—নিয়ে আরও অনেকখানি স্বস্তিতে মোদি সরকার। এর পাশাপাশি, দীর্ঘদিনের তঞ্চকতা ও দূরত্ব ঘুচিয়ে বিজেপির পুরনো শরিক দল হিসেবে শিরোমনি অকালি দলের (SAD) ফিরে আসার ইঙ্গিত মিলেছে। ফলে কেন্দ্র তথা বিজেপি শিবিরের জোড়া লাভ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। সেই বৈঠকের পরেই শনিবার আনুষ্ঠানিকভাবে সীমানা পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করার কথা ঘোষণা করে অকালি দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনেও ফের একবার বিজেপি ও শিরোমনি অকালি দলের পুরনো জোট বাঁধার পথ প্রশস্ত হয়ে গেল।

উল্লেখ্য, ২০২০ সালে কেন্দ্রের তৎকালীন তিনটি বিতর্কিত কৃষি আইনের জেরে ক্ষুব্ধ হয়ে এনডিএ (NDA) জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল শিরোমনি অকালি দল। পঞ্জাবেও বিজেপির সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বরফ গলার স্পষ্ট ইঙ্গিত মিলল।

এদিন কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন জানিয়ে সুখবীর সিং বাদল স্পষ্ট জানান, তাঁরাও অবিলম্বে গোটা দেশে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার সম্পূর্ণ পক্ষে। পাশাপাশি, সমস্ত রাজ্যে সমানুপাতিক হারে লোকসভার আসন বৃদ্ধির যে প্রস্তাব কেন্দ্র রেখেছে, তাকেও সমর্থন জানিয়েছে অকালি দল। তবে শর্ত হিসেবে তারা দাবি তুলেছে, প্রতিটি রাজ্য থেকেই যাতে সংসদে পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। দুই গুরুত্বপূর্ণ বিলে এই সমর্থন আদায়ের পাশাপাশি পাঞ্জাবের রাজনীতিতে পুরনো জোটসঙ্গীকে ফিরে পাওয়ায় বিজেপি যে যথেষ্ট স্বস্তিতে রয়েছে, তা বলাই বাহুল্য।