জ্বালানি সঙ্কটের আবহে ভারতের জন্য বড় স্বস্তির খবর। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টার ফলে ইরান ভারতের সমস্ত বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরান-ভারতের এই সমঝোতা আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির ‘লাইফলাইন’। ভারত তার জ্বালানি আমদানির একটি বড় অংশের জন্য গাল্ফ অঞ্চলের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সংঘাতের জেরে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভারতে এলপিজি ও জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের থেকে শুরু করে রেস্তোরাঁ ব্যবসা—সবই বিপর্যস্ত হয়ে পড়েছিল।
বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচির সঙ্গে বৈঠকের পাশাপাশি ফ্রান্স ও রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গেও এই ইস্যুতে আলোচনা চালিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যেখানে আমেরিকা বা ইউরোপের জাহাজগুলো এই রুটে কঠোর বিধিনিষেধের মুখে পড়ছে, সেখানে ভারতের জন্য এই বিশেষ অনুমতি পাওয়া নয়াদিল্লির এক বিরাট কূটনৈতিক সাফল্য। এর ফলে খুব দ্রুত ভারতীয় বন্দরে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং দেশের জ্বালানি সঙ্কট কাটবে বলে আশা করা হচ্ছে।