ভারত-সহ ১৬ দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ আমেরিকার, নতুন শুল্কের খাঁড়া কি তবে নিশ্চিত?

ভারত ও চিন-সহ বিশ্বের ১৬টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের উৎপাদন ও শিল্প-বাণিজ্যের উপর বড় ধরনের তদন্ত শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অফিস (USTR)। বিশ্ব বাণিজ্য বিকৃত করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী, হোয়াইট হাউস এই তদন্ত পরিচালনা করবে, যা তাদের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক হাতিয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমেরিকা মনে করছে—এই দেশগুলো তাদের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন ক্ষমতা গড়ে তুলেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মাধ্যমে কম দামে বিপুল পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার ফলেই বিশ্ব বাজারে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে ওয়াশিংটনের দাবি। তালিকায় ভারতের পাশাপাশি চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো রয়েছে।

মার্কিন প্রশাসনের প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, এই তদন্তের মাধ্যমে উৎপাদন খাতের নীতি ও অনুশীলন খতিয়ে দেখা হবে। যদি অন্যায্য বাণিজ্যের কোনো প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক চাপানো হতে পারে। তদন্ত শেষে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। যদিও প্রশাসন জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে বিস্তারিত পর্যালোচনা করা হবে। তবে অতীতে চিনের বিরুদ্ধে একই ধারায় তদন্ত চালিয়ে ওয়াশিংটন যে কড়া শুল্ক আরোপ করেছিল, তা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাণিজ্যে।