বলিউড অভিনেত্রী ও নেত্রী উর্মিলার প্রাক্তন স্বামী মোহসিন আখতার মীর কি ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি ঘিরে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন জল্পনা। মোহসিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এক রহস্যময়ী তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেছেন, যেখানে দুজনকে আংটি বদলের পর হাত ধরে থাকতে দেখা গেছে। যদিও তিনি সঙ্গীনির পরিচয় বা নাম গোপন রেখেছেন, তবুও তাঁদের আঙুলের হিরের আংটি ও মেহেন্দির নকশা বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
উর্মিলার সঙ্গে মোহসিনের বিবাহবিচ্ছেদের দেড় বছর পার হতে না হতেই এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। প্রসঙ্গত, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘ ৮ বছর সংসার করেন উর্মিলা ও মোহসিন। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। তাঁদের আলাদা হওয়ার কারণ নিয়ে কোনো পক্ষই মুখ না খুললেও, এই বিচ্ছেদ ছিল চূড়ান্ত।
কাশ্মীরি বংশোদ্ভূত ব্যবসায়ী ও প্রাক্তন মডেল মোহসিন একসময় বলিউডে ছোটখাটো চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছিলেন। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার লেবেলের সঙ্গে যুক্ত মোহসিনের সঙ্গেই ২০১৪ সালে মণীশের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে আলাপ হয় উর্মিলার। সেই পরিচয় পরবর্তীকালে বিয়েতে গড়ালেও, বর্তমানে তাঁদের পথ পুরোপুরি আলাদা। মোহসিনের এই নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর নেটিজেনরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কে এই নতুন জীবনসঙ্গিনী তা জানার জন্য।





