কিশতওয়ারের পর এবার কাঠুয়া, মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয় কাশ্মীরে

কিশতওয়ারের ভয়াবহ বিপর্যয়ের ক্ষত না সারতেই ফের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। এবার কাঠুয়া জেলায় প্রাকৃতিক এই দুর্যোগের শিকার হলেন অন্তত চারজন। আহত হয়েছেন আরও ছয়জন। এই ঘটনায় একটি প্রত্যন্ত গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ঘরবাড়ি ভেসে গেছে হড়পা বানের তোড়ে। এর ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
গত সপ্তাহের কিশতওয়ারের মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই বিপর্যয়ের বিভীষিকা এখনও মানুষের মনে টাটকা। কিশতওয়ারের ঘটনায় ধস ও বানের তোড়ে বহু বাড়ি ভেঙে গিয়েছিল, এবং পাঠানকোট জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বিপর্যয়ে এখনও ২২০ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারকাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় কিশতওয়ারে ধুলোর ঝড় বয়ে গিয়েছিল এবং পুরো এলাকা কাদায় ঢেকে গিয়েছিল।
রবিবার ভোরে কাঠুয়াতে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়, যার ফলে হড়পা বানের সৃষ্টি হয়। এর আঘাতে কাঠুয়া জেলার থানা সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে এবং রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ ও এসডিআরএফ (SDRF) দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
কাঠুয়া থানার অন্তর্গত বাগার্দ এবং চাংদা গ্রামে ধস নেমেছে। এছাড়াও, লখনপুর থানার অন্তর্গত দিলওয়ান-হুতলি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমাগত ভারী বৃষ্টির কারণে এই অঞ্চলের প্রায় সব নদীর জলস্তরই বেড়ে গেছে। উঝ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলা প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং জনসাধারণকে জলমগ্ন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।