কিউই সিরিজের আগে বড় ধাক্কা! প্র্যাকটিস সেশনে চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরুর আগেই বড়সড় ইনজুরি আতঙ্কে ভারতীয় শিবির। শনিবার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নেট প্র্যাকটিস চলাকালীন কোমরের ওপরের অংশে চোট পান তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। থ্রো-ডাউন স্পেশালিস্টদের বিরুদ্ধে ব্যাটিং করার সময় একটি দ্রুতগতির বল সরাসরি তাঁর শরীরে এসে লাগে।
আঘাত পাওয়ার পরেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্তকে। তড়িঘড়ি নেটে ছুটে যান টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং মেডিক্যাল স্টাফরা। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর পন্তকে মাঠ ছাড়তে দেখা যায়। এই ঘটনার পরেই চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। পন্ত মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই ভারত অধিনায়ক শুভমন গিলকে নির্বাচক প্রধান অজিত আগারকরের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেছে, যা পন্তের চোটের গুরুত্ব নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে।
বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে ৭ ম্যাচে ২১২ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন পন্ত। তাঁর অনুপস্থিতিতে ভারতের মিডল অর্ডারে বড় শূন্যস্থান তৈরি হতে পারে। আগামী সোমবার বরোদায় প্রথম ওডিআই অনুষ্ঠিত হওয়ার কথা। পন্ত শেষ পর্যন্ত খেলতে না পারলে কে এল রাহুলকে পূর্ণ সময়ের উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে।