কাল থেকেই শুরু ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির চরম সতর্কতা?

আবহাওয়ার বড়সড় রদবদল! পুজো ও উৎসবের আবহ কাটতে না কাটতেই এবার বাংলায় ঘনীভূত হচ্ছে নতুন প্রাকৃতিক বিপর্যয়। সাগরে শক্তি বাড়িয়ে দ্রুত ধেয়ে আসছে মারাত্মক ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীকাল থেকেই রাজ্যের আবহাওয়া বদলে যেতে শুরু করবে এবং সরাসরি প্রভাব পড়তে চলেছে একাধিক জেলায়।
২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা!
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ এবং ২৯ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উপকূলবর্তী এবং সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
যে ৪টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা:
আগামী ২৮ অক্টোবর থেকেই ঘূর্ণিঝড়ের দাপট সবচেয়ে বেশি টের পাওয়া যাবে উপকূলীয় জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা জারি করে জানিয়েছে, যে জেলাগুলিতে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হলো:
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
দক্ষিণ ২৪ পরগনা
ঘূর্ণিঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী দু-তিন দিনে পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে আবহাওয়া দপ্তর।