অসম্ভবকে সম্ভব করল ভারত! এবার দেশেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, ট্রাম্পের বন্ধু ফ্রান্সের সঙ্গে বিরাট চুক্তি

প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ নিতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণেই এই ইঙ্গিত মিলেছিল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, ভারতের মাটিতেই তৈরি হতে চলেছে অত্যাধুনিক যুদ্ধবিমানের ইঞ্জিন। এই ঐতিহাসিক কাজে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।
কেন এই চুক্তি ঐতিহাসিক?
ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থা Safran এবং ভারতের DRDO-এর যৌথ উদ্যোগে ১২০ কিলো নিউটন শক্তির এক শক্তিশালী ইঞ্জিন তৈরি হবে। এই ইঞ্জিনটি ভারতের ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান, অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA)-কে নতুন শক্তি যোগাবে। এটি শুধু AMCA-র জন্যই নয়, বরং ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানের জন্যও একটি সমাধান নিয়ে আসবে।
এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ফ্রান্স এই ইঞ্জিনের ১০০ শতাংশ প্রযুক্তি ভারতকে হস্তান্তর করতে রাজি হয়েছে। যেখানে আমেরিকা তাদের জিই ইঞ্জিনের মাত্র ৭০ শতাংশ প্রযুক্তি দিতে চেয়েছিল, সেখানে ফ্রান্সের এই পূর্ণ সমর্থন ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর ফলে ভারত সেইসব হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় যুক্ত হবে, যারা নিজেদের যুদ্ধবিমানের ইঞ্জিন নিজেরাই তৈরি করতে পারে। উল্লেখ্য, চীনও এখনো এই প্রযুক্তি আয়ত্ত করতে পারেনি।
‘আত্মনির্ভর ভারত’-এর পথে নতুন দিগন্ত
এই বিশাল প্রকল্পে টাটা, এলঅ্যান্ডটি এবং আদানি ডিফেন্সের মতো দেশের বড় সংস্থাগুলোও যুক্ত হতে চলেছে। এই চুক্তি সফল হলে শুধু ভারতীয় বায়ুসেনা নয়, নৌবাহিনীর বিমানবাহী জাহাজের শক্তিও অনেক বাড়বে। এর মাধ্যমে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে ভারত ‘আত্মনির্ভর’ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।